অবাধ্য স্ত্রীকে ভরণপোষণ দিতে স্বামী বাধ্য নয়

অ্যাড. আল মামুন রাসেল

মতামত

স্বামী যতই গরিব হোক না কেন, তাতে স্ত্রীর অধিকার নষ্ট হয় না। স্ত্রীর খোরপোষ স্বামীর জন্য বাধ্যতামূলক। স্বামীর

2023-05-03T20:47:39+00:00
2023-05-03T20:47:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাইকোর্টের রায়ের বিশ্লেষণ
অবাধ্য স্ত্রীকে ভরণপোষণ দিতে স্বামী বাধ্য নয়
অ্যাড. আল মামুন রাসেল
প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৩৯৯১)
X

স্বামী যতই গরিব হোক না কেন, তাতে স্ত্রীর অধিকার নষ্ট হয় না। স্ত্রীর খোরপোষ স্বামীর জন্য বাধ্যতামূলক। স্বামীর এ দায়িত্ব ব্যক্তিগত। তবে স্ত্রীর খোরপোষ বা ভরণপোষণ শর্তসাপেক্ষে। স্ত্রী যতদিন তার স্বামীর আস্থাভাজন থাকবে ও স্বামীর ন্যায়সঙ্গত আদেশ পালন করবে, ততদিন স্বামী স্ত্রীকে ভরণপোষণ দিবে। কিন্তু যে স্ত্রী স্বামীর সাথে যৌনমিলন অস্বীকার করবে অথবা অন্য কোনো প্রকার স্বামীর অবাধ্য হবে সে স্ত্রীকে ভরণপোষণ দিতে স্বামী বাধ্য থাকবে না। (মিতা খান বনাম হেমায়েত বিবি, ১৪ ডিএলআর (হাইকোর্ট), পৃষ্ঠা-৪৫৫)।

স্ত্রী কখন ভরণপোষণ পাবেন না- ১. স্ত্রী স্বামীর নিষেধাজ্ঞা সত্ত্বেও যেখানে স্বামী অবস্থান করে সেখানে ভিন্ন অন্যত্র বসবাস করলে। ২. স্ত্রী বন্দিদশায় থাকলে। তবে স্বামী বন্দিদশায় থাকলে স্ত্রী ভরণপোষণ হতে বঞ্চিত হবে না। ৩. স্ত্রী অন্যায়ভাবে অবাধ্য হয়ে স্বামীর অনুমতি ছাড়া অসংগত কারণে স্বামীর গৃহ ত্যাগ করলে। ৪. স্ত্রী ধর্মত্যাগ করলে। ৫. স্ত্রীর অবাধ্যাচারণে বিবাহ বিচ্ছেদ ঘটলে। ৬. স্বামীর মৃত্যুজনিত কারণে ইদ্দত পালনরত থাকলে; তবে শর্ত হল যে, বিধবা অন্তঃসত্ত্বা হলে গর্ব খালাস না অবধি খোরপোষ পাবে। এবং ৭. স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেলে।

স্ত্রী কখন ভরণপোষণ পাবে- ১. স্বামী তাঁর স্ত্রীকে ভরণপোষণ দিতে বাধ্য। স্ত্রীও ভরণপোষণ পেতে হকদার। ২. স্বামী যদি স্ত্রীর সঙ্গে অভ্যাসগতভাবে খারাপ ব্যবহার করে, গৃহত্যাগের নির্দেশ দেয়, তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করে থাকে অথবা তাদের মধ্যকার আচার-আচরণ এরূপ পর্যায়ে পৌঁছায় যে, এটা নিরসন করা সম্ভব নয় বা স্বামীর গৃহে থাকলে আরও অসুবিধা এবং বিরোধের জন্ম দিবে, সে অবস্থায় স্ত্রী স্বামীর সঙ্গে বসবাস না করেও খোরপোষ দাবি করতে পারে। ৩. স্ত্রী তার আশু দেনমোহর দাবি করলে উক্ত দেনমোহর স্বামী পরিশোধ না করলে স্ত্রী তার স্বামীর কাছ থেকে পৃথক বসবাস করতে থাকলেও স্বামী তার ভরণপোষণ দিতে বাধ্য থাকবে। তবে কোনো যুক্তিসঙ্গত কারণে স্ত্রী আলাদা বসবাস করলে স্বামী ভরণপোষণ দিতে বাধ্য।(মো. ইব্রাহিম হোসেন সরকার বনাম মোসা. সোলেমান্নেসা (১৯৬৭, ১৯ ডি এল আর পৃষ্ঠা ৭৫১)।

স্ত্রীর ভরণপোষণ পরিশোধের নিয়ম- ১. মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ এর ৯ ধারার বিধান অনুসারে সালিশি পরিষদ (চেয়ারম্যান/মেয়র) স্বামী কর্তৃক স্ত্রীকে উপযুক্ত খোরপোষ উল্লেখ করে প্রত্যয়নপত্র প্রদান করবে। ২. বিবাহ যতদিন বলবৎ থাকবে, ততদিনই স্বামী খোরপোষ দিতে বাধ্য থাকবে। ৩. খোরপোষের পরিমাণ নির্ধারণ করার সময় সালিশি পরিষদ স্ত্রীর পরিবারের সামাজিক পদমর্যাদা, স্বামীর উপার্জন এবং অন্যান্য বিষয়াবলিও বিবেচনা করে খোরপোষের পরিমাণ নির্ধারণ করবে। ৪. স্ত্রীকে এমন পরিমাণ খোরপোষ মঞ্জুর করতে হবে যা দ্বারা স্ত্রী ঠিকমত জীবনযাপন করতে পারে। তবে কোনো স্ত্রী যদি তাার সঙ্গে সহ-অবস্থানে এবং স্ত্রীর কর্তব্য পালনে সুনির্দিষ্ট এবং বৈধ কারণ ব্যতীতই অস্বীকার করে সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে ভরণপোষণ দিতে বাধ্য নয়। (১৪ ডিএলআর, ৪১৫)।


অ্যাড. আল মামুন রাসেল

অ্যাড. আল মামুন রাসেল

স্ত্রী ভরণপোষণ না পেলে স্ত্রীর প্রতিকার- মুসলিম বিবাহ-বিচ্ছেদ আইন, ১৯৩৯ অনুযায়ী স্বামী দুই বছর ধরে ভরণপোষণ প্রদানে ব্যর্থ হলে বা অবহেলা করে ভরণপোষণ না দিয়ে থাকলে স্ত্রী বিবাহ-বিচ্ছেদের ডিক্রি পাওয়ার অধিকারী হবেন। এক্ষেত্রে একটি মামলার কথা উল্লেখ করা যেতে পারে। মামলাটি হল- সাফুরা খাতুন বনাম ওসমান গনি মোল্লা (১৯৫৭) ৯ ডিএলআর, ৪৫৫। এই মামলায় বলা হয়েছে যে, স্বামীর দেওয়া ভরণপোষণ ছিল একটি বিচ্ছিন্ন ঘটনার মতো। স্বামীর যে পরিমাণ ভরণপোষণ দেয়ার কথা ছিল, তার সামান্য পরিমাণ তাকে স্বামী পরিশোধ করত তাও আবার খুব অনিয়মিত। সুতারাং এক্ষেত্রে ধরা হবে যে, উক্ত স্বামী কাবিননামার শর্ত পালন করেননি এবং এ কারনেই স্ত্রী তালাক-ই-তৌফিজের ব্যবহার করতে পারেন এবং বিবাহ-বিচ্ছেদের আবেদন করতে পারেন।

বিয়ের প্রমাণ- ভরণপোষণের জন্য কোনো প্রত্যয়নপত্র মঞ্জুর করার আগে পক্ষগণের (স্বামী-স্ত্রীর) ব্যক্তিগত আইনের সূত্রে বিয়ের বিষয়টি অবশ্যই সুনির্ধারিত হতে হবে। যদি বিয়েটি অস্বীকার করা হয়, তাহলে একটি বৈধ বিয়ে অনুষ্ঠিত হয়েছিল, এটি সন্তোষজনকভাবে প্রমাণিত হতে হবে এবং বিয়েটি প্রমাণের দায়িত্ব স্ত্রীর ওপর বর্তাবে। এ কারণেই বিয়ের নিবন্ধন ভরণপোষণ দাবির ক্ষেত্রে খুব প্রয়োজনীয়।

স্ত্রীর ভরণপোষণের পরিমাণ নির্ধারণ- ভরণপোষণের পরিমাণ স্বামী-স্ত্রীর সামাজিক মর্যাদা ও আর্থিক সংগতির ওপর নির্ভর করে। অনেক সময় নিকাহনামায় উল্লেখ থাকে, স্বামী মাসিক কত টাকা ভরণপোষণ হিসেবে দেবেন। সাধারণ অবস্থায় স্বামী তাঁর নিজ গৃহেই স্ত্রী বা স্ত্রীদের খাদ্য, বস্ত্র ও বাসস্থান দিয়ে থাকেন। আইনসংগত বা যুক্তিযুক্ত কারণে যখন স্ত্রী আলাদা বসবাস করেন, তখন স্বামী নগদ অর্থ দ্বারা ভরণপোষণ জোগাবেন।

লেখক : অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিমকোর্ট
হেড অব চেম্বারস, লিগ্যাল সলিউশন চেম্বার (এলএসসি)

বাবু/এসআর





Loading...
Loading...


মতামত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy