প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ১০:২৭ পিএম (ভিজিট : ১৫৭)

X
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতিতে তৃতীয় বারের মতো ২০২২-২৩ শিক্ষাবর্ষের 'বি' ইউনিট (মানবিক) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ৬টি কেন্দ্র দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিভিন্ন পরীক্ষা হল পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর আমান, তথ্য কর্মকর্তা সাহেদ হাসান প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বি ইউনিট সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অপ্রীতিকর কোন ধরণের ঘটনা ছাড়াই অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রায় শতভাগ উপস্থিতি ছিলো।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৮শত ৫০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। ভর্তি পরীক্ষা চলাকালে যে কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রক্টরিয়াল বডি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ক্যাম্পাস ও আশে-পাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ছাড়াও ভ্রাম্যমাণ আদালত নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে দায়িত্ব পালন করেন। বিএনসিসি, রোভার-স্কাউট সদস্যরা শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। পরীক্ষার্থীদের সহযোগিতায় প্রবেশ পথে ম্যাপ ও আসন বিন্যাস সম্বলিত বোর্ড স্থাপন করা হয়। এছাড়াও রাখা হয় জরুরী চিকিৎসার ব্যবস্থা।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে আসা শিক্ষার্থী মাঈশা আনজুম বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা সুন্দর ছিল নিরাপত্তা থেকে শুরু করে গার্ডসহ সকল বিষয়।
বাবু/জেএম