প্রকাশ: শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ১০:৩৯ এএম (ভিজিট : ১৭৮)

X
পুরো একটি সপ্তাহের শ্বাসরুদ্ধকর অবস্থা। অবশেষে ঘোষণা করা হয়েছে টাইটান সাবমারসিবল ‘বিস্ফোরিত’ হয়েছে। শুরুতেই এমন ভয়াবহতার পূর্বাভাস দিয়েছিলেন টাইটানিক ছবির পরিচালক জেমস ক্যামেরন। তিনি টাইটানিক দেখতে ৩৩ বার ওই গভীর সমুদ্রে ডুব দিয়েছেন। যা দেখেছেন তা নিয়ে বানিয়েছেন কালজয়ী সিনেমা ‘টাইটানিক’। জেমস ক্যামেরন বলেছেন, তিনি রোববার একটি জাহাজে ছিলেন, যখন সাবমারসিবলটি প্রথম নিখোঁজ হয়ে যায়। তবে সোমবারের আগে পর্যন্ত তিনি এর নিখোঁজ হওয়ার খবর জানতে পারেননি। যখন জানতে পারলেন সাবমারসিবলটি নেভিগেশন এবং যোগাযোগ হারিয়েছে একই সঙ্গে,তখনই তিনি একটি দুর্ঘটনার সন্দেহ করেছিলেন। জেমস ক্যামেরন বলেন, কি ঘটেছে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। সাব’টির ইলেকট্রনিক ব্যবস্থা ফেল করেছে। তার যোগাযোগ সিস্টেম ফেল করেছে।
একে শনাক্তকরণের ট্রান্সপন্ডার একটানা ফেল দেখাচ্ছিল। তখনই বুঝে নিয়েছি, সাব’টি শেষ হয়ে গেছে।
তিনি বিবিসিকে বলেন, আমার ভিতর এক দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ অনুভূতি কাজ করেছে। এ সময় সাব-এর ভিতর কি ঘটেছে আমি কল্পনা করেছি। মনে হয়েছে, বিধ্বস্ত হওয়ার শব্দে এর ভিতরের আরোহীদের মধ্যে কেমন অস্থিরতা, ভয় কাজ করছিল। অক্সিজেন নিয়ে যখন সবাই কথা বলছিল, তখন ওই মানুষগুলোর অবস্থা একবার কল্পনা করুন। আমি মনে করি, সাব’টি যথাযথ গভীরতায় এবং স্থানে পৌঁছতে পেরেছিল। সেখান থেকেই উদ্ধারকারীরা শব্দ পেয়েছিলেন।
-বাবু/এ.এস