প্রকাশ: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ১২:১৭ পিএম (ভিজিট : ২১৩)

X
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের বেশ কিছু অংশে এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং ভারী বৃষ্টির জেরে প্রদেশজুড়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভারী বর্ষণের জেরে বেলুচিস্তানে দেখা দিয়েছে আকস্মিক বন্যা এবং প্রধান মহাসড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পাঞ্জাবের কিছু অংশে বৃষ্টি অব্যাহত থাকায় প্রদেশজুড়ে কমপক্ষে আরও ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে করে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এই প্রদেশে গত দুই দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।
অন্যদিকে বুধবারের তুলনায় প্রাদেশিক রাজধানী লাহোরে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। তবে তারপরও শহরটিতে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে করে গত দুই দিনে ভারী বর্ষণের জেরে লাহোরে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১২ জনে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) তথ্য অনুযায়ী, গুজরানওয়ালায় ছয়জন প্রাণ হারিয়েছেন। চাকওয়াল এবং শেখুপুরায় তিনজন করে এবং ঝাং-এ একজন ও ফয়সালাবাদে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বৃষ্টি-সম্পর্কিত নানা ঘটনায় ৪৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩২ জন গুরুতর এবং ১৭ জন হালকা আঘাত পেয়েছেন।
বৃহস্পতিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এই প্রদেশের ১৩টি জেলায় বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া কর্মকর্তারা বলেছেন, বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদেশজুড়ে ছড়িয়ে পড়বে এবং বৃষ্টির তীব্রতাও বাড়বে।
বাবু/জেএম