প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৫:৪৭ পিএম (ভিজিট : ১৪১)

X
এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোসহ চার দফা দাবিতে দুপুর থেকে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধসহ যান চলাচল বন্ধ করে দেয় একদল শিক্ষার্থী। বিকাল ৪টার পর পুলিশের ধাওয়া খেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জন শিক্ষার্থীকে আটক করা হয়।
জানা গেছে, এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোসহ চার দফা দাবিতে সোমবার (৭ আগস্ট) সকাল থেকে শাহবাগে রাস্তার পাশে মানববন্ধন করে একদল শিক্ষার্থী। দুপুরের দিকে রাস্তা অবরোধসহ যান চলাচল বন্ধ করে দেয় তারা।
দাবির বিষয়ে শিক্ষার্থীরা জানিয়েছে, এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিসহ ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা পেছানো, আইসিটি পরীক্ষা স্থগিত করা — মূলত এই চারটি দাবিতে তারা সকাল থেকে শাহবাগ এলাকায় অবস্থান নেয়।
শাহবাগ থানার পুলিশের দাবি, শিক্ষার্থীদের দফায় দফায় সরে যেতে বলা হলেও তারা সরে যায়নি। এমনকি রাস্তা অবরোধ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করার জন্য তাদের পরামর্শ দেয় পুলিশ সদস্যরা। শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে না দেওয়ায় বিকাল ৪টার পর পুলিশ তাদের ধাওয়া দেয়। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক শাহবাগ থানা পুলিশের একজন কর্মকর্তা বলেন, কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।
বাবু/এ.এস