প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৭:৫১ পিএম (ভিজিট : ১৮১)

X
ইসলামী বিশ্ববিদ্যালয় বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে প্রতি সপ্তাহের সোমবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার (০৭ আগষ্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিভিন্ন বিভাগের শিক্ষকরা অনলাইনের মাধ্যমে ক্লাসও নিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে করে বিশ্ববিদ্যালয়ের অর্থ সাশ্রয় হলেও শিক্ষার্থীদের বিদ্যুৎ ও ইন্টারনেট খরচ বাড়বে বলে দাবি শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের জ্বালানি ও বিদ্যুৎ কিছুটা সাশ্রয় হচ্ছে পক্ষান্তরে হল ও মেসে বিদ্যুৎ খরচ বাড়ছে। হলের ওয়াইফাই স্পীড খুবই বাজে এজন্য ইন্টারনেট কিনে অনলাইনে ক্লাস করতে হচ্ছে। এতে করে তাঁদের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে।
এর আগে গত রোববার (৩০ জুলাই) বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে সপ্তাহের প্রতি সোমবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এছাড়াও সোমবার বিশ্ববিদ্যালয়টির পরীক্ষাসমূহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রতি মাসে প্রায় ৯ লাখ টাকা সাশ্রয় হবে বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান হাবীব বলেন, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি শিক্ষার্থী-বান্ধব সিদ্ধান্ত হয়নি। ক্লাসরুমে একসাথে প্রায় ৮০ জন শিক্ষার্থী ক্লাস করেন। এতে যে বিদ্যুৎ খরচ হয় তার থেকে হল ও মেসে বিদ্যুৎ ব্যবহার বাড়বে। এখানে বিদ্যুৎ সাশ্রয়ের কিছু দেখছিনা।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাগর হোসেন বলেন, হলের ইন্টারনেট স্পীড খুব স্লো। এতে অনলাইন ক্লাস করা সম্ভব হয় না। আমাদের বাড়তি টাকা দিয়ে ইন্টারনেটে কিনতে হচ্ছে। মাসে যার জন্য ভালো পরিমাণ অর্থ খরচ হবে। আমরা অনেকে টিউশনির টাকা দিয়ে চলি। প্রশাসনের নিকট এ সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানাই।
বাবু/জেএম