প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১:৩০ পিএম (ভিজিট : ১৩০)

X
রাশিয়ার বেলগোরদ ও তুলা অঞ্চলে ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোর দক্ষিণে তুলা অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুইটি ড্রোন ধ্বংস করেছে। এ ছাড়া আরেকটি ড্রোন বেলগোরদ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।
তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা-সেই সম্পর্কে রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু বলা হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটছে।
গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এখন রাশিয়ার ভূখণ্ডে ফেরত গেছে। গত সপ্তাহেও রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন হামলাচেষ্টা করেছে বলে দাবি করেছে মস্কো। এতে মস্কোর প্রধান তিনটি বিমানবন্দরে কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৫২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।
বাবু/এ.এস