প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৫:২১ পিএম (ভিজিট : ২৮৬)

X
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত 'Introducing Psychological First Aid for students' emotional well-being ’ শীর্ষক কর্মশালা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে কর্মশালাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
কর্মশালায় অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। সময়োপযোগী বিষয় নিয়ে কর্মশালা আয়োজন করায় উপাচার্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের মনস্তত্ব কিন্তু প্রতিনিয়ত পাল্টায়। একজন শিশুর মনস্তত্ব কিন্তু একজন কিশোর কিংবা যুবকের মনস্তত্বের চেয়ে সবসময় ভিন্ন। তুমি যখন বড় হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ তখন দেখবে তোমার আগের বোধ পাল্টেছে, পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টেছে। তুমি যখন যৌবনে পদার্পণ করবে- এইটা আরও পাল্টে যাবে। প্রতিদিন আমাদের বোধের যে পরিবর্তন এটা হতে থাকবে। জীবন পরিবর্তনশীল। সময় পরিবর্তনশীল। বোধও কিন্তু পরিবর্তনের মধ্যদিয়ে এগোয়। বিশ্ব ব্যবস্থা বিশ্বের যে প্রযুক্তি এর মধ্যেও পরিবর্তন এসেছে। অতএব তুমি তোমার জীবনের যে বোধ এটিকে একেবারে যুক্তি দিয়ে পরিপার্শ দিয়ে অভিজ্ঞতা যাদের আছে তাদের সঙ্গে পরামর্শ করে এগুতে হবে।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. তপন কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রফেসর ড. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। শুভেচ্ছা বক্তব্য দেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মাহযাবিন হক। সঞ্চালনা করেন সহকারী পরিচালক (কাউন্সিলিং সাইকোলজিস্ট) মোছা. আদিবা আক্তার।
বাবু/জেএম