প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২৫ পিএম (ভিজিট : ১৪৮)

X
ইরাকে দুটি মিনিবাসের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে দুজাইল ও সামাররা শহরের মধ্যেবর্তী রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার সালাহদ্দীন প্রদেশের স্বাস্থ্য পরিষেবার পরিচালক খালেদ বুরহান বিষয়টি জানিয়েছেন।
খালেদ বুরহান জানান, নিহতদের বেশিরভাগই ইরানি তীর্থযাত্রী। পবিত্র আশুরা উপলক্ষে ইরানের লক্ষাধিক মানুষ ইরাকের কারবালায় একত্রিত হয়েছিল।
শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিসংখ্যান অনুসারে, আরবাইন শুরু হওয়ার পর থেকে চলতি বছর ২৬ লাখ তীর্থযাত্রী ইরাকে এসেছে। যাদের অনেকেই ইরানের নাগরিক।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নাতি ইমাম হোসাইনের (রা.) শাহাদত বার্ষিকীকে আরবিতে বলা হয় আরবাইন। পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানগুলোর একটি হলো এই আরবাইন, যাতে অংশ নেন লাখ লাখ শিয়া। প্রতি বছর লাখ লাখ শিয়া ধর্মীয় কারণে ইরাকের প্রাচীন শহর কারবালায় যান। এই বছর এটি ৬ ও ৭ সেপ্টেম্বর শেষ হয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় গত বছর ইরাকে ৪ হাজার ৯০০ জনের বেশি মানুষ মারা যায়।
সূত্র: আলজাজিরা
বাবু/এ.এস