প্রকাশ: রোববার, ১৫ অক্টোবর, ২০২৩, ৫:২২ পিএম (ভিজিট : ১১৬)

X
রবিবার বিকেলে হঠাৎ কেঁপে ওঠে ভারতের রাজধানী নয়াদিল্লি ও পার্শ্ববর্তী শহরগুলো সংবাদ সংস্থা এএনআই সূত্রে এ খবর পাওয়া গেছে। তারা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৮ মিনিটে কয়েক মুহূর্তের জন্য কেঁপে ওঠে রাজধানী। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ভূমিকম্প হলো দিল্লিতে।
এর আগে গত ৩ অক্টোবর কেঁপেছিল দিল্লি।
তবে সেবার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল। এবার ভূমিকম্পের কেন্দ্র হরিয়ানার ফরিদাবাদ।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.১।
পরে এনসিএস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) বিস্তারিত জানিয়ে লেখে, ফরিদাবাদের ৯ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
গত ৩ অক্টোবর পর পর চারটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। যার প্রভাব পড়েছিল দিল্লি, উত্তর প্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতে। কম্পন অনুভূত হয়েছিল উত্তরাখণ্ডের কিছু কিছু অংশ, চণ্ডীগড়, জয়পুরেও।
সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি
বাবু/এ.এস