প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৫:৫৫ পিএম (ভিজিট : ১৬৪)

X
রাজধানীর ল্যাবএইড হাসপাতাল ভবনের ওপরে অবৈধভাবে নিজস্ব রুফটপ রেস্টুরেন্ট স্থাপন করায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল পৌনে ৪টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, অভিযানে দেখা যায় হাসপাতালে নিজস্ব রুফটপ রেস্টুরেন্ট বা কাফেটেরিয়া গড়ে তোলা হয়েছে। যেটা নকশায় ছিল না। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থায়ও ত্রুটি দেখা যায়। সেই সঙ্গে সিঁড়ির পাশে বেশ কয়েকটি সিলিন্ডার পাওয়া যায়, যা সবার জন্য ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে অভিযানের শুরুতে গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতাল, পরে ল্যাবএইড হাসপাতালের ক্যাফেটেরিয়ায় প্রবেশ করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ক্যাফেটেরিয়ার রান্নার পরিবেশসহ সার্বিক বিষয় তদারকির করা হয়।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে ৪৬ জন নিহত হন। ওই ঘটনার পর রাজধানীর বিভিন্ন ভবনে, বিশেষ করে রেস্তোরাঁ থাকা ভবনগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযান শুরু করেছে বিভিন্ন সংস্থা।