প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৭:৪৫ পিএম (ভিজিট : ২৩৭)

X
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. মুহাইমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে কী নোট স্পীকার হিসেবে ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এ. আর. এম. মাহমুদুল হাসান রানা।
সভায় আলোচক হিসেবে ছিলেন আইকিউএসির পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) সহকারী অধ্যাপক মো. ইফতেখারুল আলম ইফাত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, অনুষ্ঠানে অংশগ্রহণকারী অংশীজনসহ সবাইকে শুভেচ্ছা। বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ে অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে। বর্তমানে যেসব সমস্যা রয়েছে যেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি, এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। মানুষ হিসেবে আমাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। সবার আগে প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। আমাদের যে সক্ষমতা রয়েছে সেটা দিয়েই সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিত করতে হবে। এর সাথে স্বচ্ছতা ও জবাবদিহিকতা বজায় রাখতে হবে। আমরা মনে প্রাণে চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থী বান্ধব একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। তখনই সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত হবে। আমাদের অর্জনগুলোকে তুলে ধরতে হবে এবং বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে হবে। তবেই লক্ষ্য অর্জিত হবে। সুন্দর এই আয়োজনের জন্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এসময় অনুষ্ঠানে আগত অংশীজনরা স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।