প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৬:১৮ পিএম আপডেট: ২০.০৫.২০২৪ ৬:৫৬ পিএম (ভিজিট : ২২১)

X
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফুটবল ও ক্রিকেট মাঠে সুপেয় পানির ব্যবস্থাসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ।
সোমবার (২০ মে) শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক বিজন কৃষ্ণ রায় ও উপ-ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি স্মারকলিপি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক বরাবর জমা দেন সংগঠনটির নেতা-কর্মীরা।
তাদের অন্য দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম সপ্তাহে সাতদিন খোলা রাখা, ক্রিকেট মাঠে দুইটি স্থায়ী প্লেয়ার ডাগ-আউট স্থাপন করা, ক্রিকেটারদের সুবিধার্থে নতুনভাবে কংক্রিট পিচ স্থাপন করা, ফুটবল ও ক্রিকেট মাঠ যথাযথভাবে সংরক্ষণ করে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করা এবং সারাবছর ইনডোর-আউটডোর গেমস সমূহ যথাযথভাবে আয়োজন করা।
ফুটবল মাঠের পাশে স্থাপিত দুটি পানির কল দীর্ঘ ১ বছরের ও অধিক সময় যাবত নষ্ট থাকায় খেলোয়াড়েরা সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে। সেইসাথে ক্রিকেট মাঠে সারাবছর খেলাধুলা ও আন্তঃবিভাগ এবং আন্তঃবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে সুতরাং অনতিবিলম্বে ক্রিকেট মাঠে পানির কল স্থাপন সময়ের দাবী। এছাড়াও ক্রিকেট মাঠে স্থায়ী প্লেয়ার ডাগ-আউট না থাকায় লোয়াড়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া জিমনেসিয়াম সাপ্তাহিক ছুটি ও আনুষাঙ্গিক ছুটির দিনগুলোতে বন্ধ থাকায় শিক্ষার্থীরা তাদের শরীরচর্চা থেকে বঞ্চিত হচ্ছে।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আমাদের পূর্ণাঙ্গ কমিটিতে যাকে যে বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ক্রীড়া বিষয়ক সমস্যাগুলো নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।
এ বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক শাহ আলম বলেন, স্মারকলিপি হাতে পেয়েছি। যেহেতু সামনে গরম ও ঈদের বড় ছুটি আছে। তাই দাবিগুলো বাস্তবায়ন করতে একটু সময় লাগবে। তবে শিক্ষার্থীদের দাবিগুলো যত দ্রুত সময়ে কার্যকর করা যায় সেই চেষ্টা করবো।