প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৬:৪৪ পিএম আপডেট: ৩০.০৫.২০২৪ ৬:৫৬ পিএম (ভিজিট : ২১৯)

X
জম্মু-কাশ্মীরে একটি যাত্রবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) জম্মুর আখনুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
বাস যাত্রীদের অধিকাংশই উত্তর প্রদেশ, রাজস্থান ও হরিয়ানার তীর্থযাত্রী। রাইসি জেলার বিখ্যাত শিব খোরি মন্দিরের উদ্দেশে রওনা হয়েছিলেন তারা।
বাসটি জম্মু-পুঞ্চ মহাসড়ক থেকে ছিটকে গিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার প্রায় ১০০ জন তীর্থযাত্রী নিয়ে একটি বাস রাইসি জেলার বিখ্যাত শিব খোরি মন্দিরের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি জম্মু-পুঞ্চ মহাসড়ক থেকে ছিটকে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। এতে ২১ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর পর প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধারে কাজে এগিয়ে আসেন। এরপর তাদের সঙ্গে স্থানীয় প্রশাসন যোগ দেয়। এ ছাড়া হতাহতদের উদ্ধারে দ্রুত মেডিকেল টিম পাঠানোর পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তা করার কথা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেশিরভাগ যাত্রীকে চৌকি চৌরা এবং আখনুরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া কয়েকজনকে জম্মুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক এক্সবার্তায় তিনি লিখেন, জম্মুর আখনুরে বাস দুর্ঘটনা হৃদয়বিদারক। আমি নিহতদের প্রতি সমবেদনা জানাই। শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি।