প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১:৩৫ পিএম আপডেট: ০৬.০৭.২০২৪ ১:৪৮ পিএম (ভিজিট : ১৩২)

X
কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
অবরোধ চলাকালে মুষলধারে বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে অবরোধ চালিয়ে যান। অবরোধের ফলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনসংলগ্ন বটতলা থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দিয়ে ক্যাম্পাস পাশ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে আবারো প্রধান ফটকে আসে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফটকসংলগ্ন মহাসড়কে বসে পড়েন। এতে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা অবরোধ চলমান রাখেন। প্রায় আধাঘন্টা অবরোধের পর সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচিতে ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’,‘সারাবাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’‘মেধাবীদের কান্না, আর না আর না’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, সরকারী চাকরিতে বর্তমান কোটা পদ্ধতির ফলে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন। চাকরির ক্ষেত্রে ৫৬ শতাংশ কোটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চাই। সারা দেশের ছাত্র সমাজ মাঠে এসেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।