প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৫:৪৮ পিএম (ভিজিট : ৩৯২)

X
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পরেছে মেট্রোরেলের ভেতরেও। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ৩টায় মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে এ ঘটনা ঘটে।
স্টেশনে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, ফার্মগেট থেকে ছাত্রলীগের একটি দল খামারবাড়ি অভিমুখে স্লোগান নিয়ে যেতে থাকে। এমন সময় খামারবাড়ি মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি জমায়েত দেখলে ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর চড়াও হয়। লাঠি নিয়ে ধাওয়া দিলে আন্দোলনকারীরা দৌড়ে মেট্রোরেলের স্টেশনে গিয়ে আশ্রয় নেয়।
সেখানেও ছাত্রলীগের কর্মীরা লাঠি নিয়ে আন্দোলনকারীদের পেটাতে থাকে। এক সময় তারা পেইড জোনে প্রবেশ করে আন্দোলনকারীদের পেটায়। এসময় উপস্থিত মেট্রোরেল পুলিশের সদস্যরা ছাত্রলীগ কর্মীদের থামাতে স্টেশন থেকে তাদের নামিয়ে দেয়। ঘটনার সময় উপস্থিত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলেন জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর এফপিবিএন’র একটি টিম স্টেশনে মোতায়েন করা হয়।
আন্দোলনকারীরা সায়েন্সল্যাব, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, আগারগাঁও, মিরপুর, নতুন বাজার, বাড্ডা, মতিঝিল, শনির আখড়াসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে যায় যান চলাচল। বেশিরভাগ সড়কে সকালে কিছু পরিবহন দেখা গেলেও বেলা বাড়লে সেই সংখ্যা কমতে থাকে। তাই নিয়মিত যাত্রীদের বাইরেও অনেকে এদিন বাধ্য হয়ে মেট্রোরেল ধরতে স্টেশনে যান।
রাজধানীর মতিঝিল স্টেশনের প্ল্যাটফর্ম ও টিকিট কাউন্টারে হাজার হাজার যাত্রীর ভিড় লক্ষ্য করা যায়। এ সময় স্টেশনলোতে টিকিটের লম্বা লাইন সিঁড়ি পর্যন্ত চলে আসে। দীর্ঘ সময় দাঁড়িয়ে টিকিট কেটেও ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারছেন না অনেকে। ধাক্কাধাক্কি করে যাত্রীদের ট্রেনে উঠেতে দেখা যায়।
শুধু মতিঝিল স্টেশনই নয়, গন্তব্যে পৌঁছাতে বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, কারওয়ানবাজার, ফার্মগেট এলাকাসহ বিভিন্ন মেট্রোস্টেশনে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছেন।