প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬ এএম আপডেট: ০৮.১২.২০২৫ ৩:২০ পিএম (ভিজিট : ৭৯)

X
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ ও কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়। পরে একে একে প্রিজনভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নেওয়া হয়।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার অগ্রগতি নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হাজিরকৃত আসামিদের মধ্যে রয়েছেন– সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সালমান এফ রহমানসহ আরও অনেকে।
এর মধ্যে সালমান, আনিসুল, ইনু ও পলকের বিরুদ্ধে পৃথকভাবে ফরমাল চার্জ দিয়েছে প্রসিকিউশন। ইনুর মামলায় ইতোমধ্যে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।
এর আগে পৃথক মামলায় ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন না দেওয়ায় সময় বাড়ানো হয়।
এদিকে, আজ সকাল থেকেই ট্রাইব্যুনালের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তল্লাশির মাধ্যমে সবাইকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়।