প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৯ পিএম আপডেট: ১৫.১২.২০২৫ ৫:১১ পিএম (ভিজিট : ৭২)

X
উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান সোমবার এ আবেদন করেন।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।
প্রসিকিউশন পুলিশের এসআই শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর কথা জানায় উত্তরা বিভাগের উপ কমিশনার শাহরিয়ার আলী।
উপ-কমিশনার শাহরিয়ার আলী বলেন, “মামলা হয়েছে, আনিস আলমগীরকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি।”
উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, “সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এই মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।”
এই মামলায় আরও তিন আসামি হলেন-অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিসপট্টা (ফ্যাশন মডেল) ও ইমতু রাতিশ ইমতিয়াজের (উপস্থাপক)। তাদের বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের একটি দল রোববার রাত ৮টার পর সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এরপর মধ্যরাতে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামে একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে ‘রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার’ অভিযোগ আনেন।
তিনি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় অভিযোগ দেন। এই অভিযোগই মামলা হিসাবে নথিভুক্ত করার তথ্য দেয় পুলিশ।