প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১২:২৪ পিএম (ভিজিট : ৯১)

X
চলতি রবি মৌসুমে নওগাঁর পোরশা উপজেলায় ৮ হাজার ২৪০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে এবং কৃষকরা ভাল ফলন আশা করছেন। এবারের মৌসুমে উপজেলার কৃষকরা স্থানীয়ভাবে বারী সরিষা-১৪, বারী সরিষা-১৭, বীনা-১১ ও টরী-৭ জাতের সরিষা চাষ করেছেন।
গত বছরের ফলন ভালো হওয়ার কারণে কৃষকরা বারী সরিষা-১৪ বেশি চাষ করেছেন বলে জানা গেছে। কৃষকরা মনে করছেন, বারী সরিষা-১৪ থেকে বিঘা প্রতি ৯-১০ মণ, বারী সরিষা-১৭ থেকে বিঘা প্রতি ১০-১১ মণ, বীনা-১১ থেকে বিঘা প্রতি ৮-৯ মণ এবং টরী-৭ থেকে বিঘা প্রতি ৬-৮ মণ হারে ফলন হবে।
বর্তমানে সরিষার বাজার দর ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকা মণ হলেও, নতুন সরিষা ওঠার সময় দাম কিছুটা কমে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা মণ হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। কৃষকরা সরিষার ফলন দেখে খুশি হলেও দাম নিয়ে কিছুটা চিন্তিত। তবে বর্তমান বাজার দর থাকলে তাদের কোন সমস্যা হবে না বলে তারা জানিয়েছেন।
নিতপুর বৈদ্ধপুর গ্রামের সরিষাচাষী রুবেল, কালাইবাড়ি দয়ারপালের মসদুল, চকবিষ্ণপুরের তরিকুল ইসলাম, তেঁতুলিয়ার জালুয়া গ্রামের রবিউল ইসলাম, ছাওড় লক্ষিপুর গ্রামের ইসমাইল ও শরিফুল ইসলাম জানিয়েছেন, তারা প্রত্যেকে ৫ থেকে ২৫ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন এবং তাদের ক্ষেত খুব ভাল হয়েছে। তারা আশাবাদী যে, ফলনও ভাল হবে, তবে দাম কেমন হবে তা নিয়ে কিছুটা চিন্তা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ জানান, চলতি মৌসুমে উপজেলায় ৮ হাজার ২৪০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার (৮ হাজার ২৮৫ হেক্টর) কাছাকাছি। তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকায় সরিষা ক্ষেত খুব ভাল হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
এছাড়া কৃষকদের উৎসাহিত করতে, বছরের শুরুতে কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছিল। কৃষকদের প্রণোদনা ও সরিষার সার দেওয়া হয়েছে, পাশাপাশি প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে কৃষকরা সরিষা চাষের প্রতি আরও আগ্রহী হয়ে উঠেছেন এবং ভবিষ্যতে আরও বেশি সরিষা চাষের দিকে ঝুঁকবেন বলে আশা প্রকাশ করেছেন কৃষিবিদ মামুনুর রশিদ।