প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:০৬ পিএম (ভিজিট : ১০৩)

X
শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে মোট ৫১হাজার ৫০৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ৬০জন পরীক্ষার্থী।
শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিট থেকে শুরু হয়েছে পরীক্ষা যা চলবে বেলা সাড়ে ১২টা ১৫ মিনিট পর্যন্ত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোসাইন জানান, ‘ডি’ ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা ও গবেষণা বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত দুটি বিভাগ রয়েছে। এ ইউনিটে মোট আসন সংখ্যা ৮৪৯টি। এসব আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থীর।"
সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৬০ জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
পরীক্ষা কমিটির সদস্যসচিব আরও জানান, "পরীক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদভাবে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০ হাজার ৫৪২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৩ হাজার ৩৬৬ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।"
সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছেন। বেলা ১১টায় ওএমআর শিট দেওয়ার মাধ্যমে বেলা ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে যা শেষ হবে বেলা ১২টা ১৫ মিনিটে।
এ বছর ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি পদ্ধতিতে (এমসিকিউ) ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ‘ডি’ ইউনিটে ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
এ ছাড়া ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ ও ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩জানুয়ারি প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একই দিনে চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) আয়োজনে BHATIARY INTERNATIONAL MARATHON অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড সাময়িকভাবে বন্ধ রয়েছে।