প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম (ভিজিট : ১০৬)

X
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৮ হাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থোয়াইহ্লা মার্মা নামে এই মাদক ব্যবসায়ীকে সোনাইছড়ি এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়। অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের ক্যাকরোপ জুমখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। আটক আসামি থোয়াইহ্লা মার্মা ওই এলাকার চাহ্লা মার্মার ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয় এবং তার হেফাজত থেকে প্রায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে থোয়াইহ্লা মার্মা স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এছাড়া, সোনাইছড়ি এলাকা দীর্ঘদিন ধরে মাদক পাচারের নিরাপদ রোড হিসেবে পরিচিত ছিল এবং নাইক্ষ্যংছড়ি থানার বর্তমান ওসি যোগদানের পর এই অঞ্চলে বড় ধরনের মাদক বিরোধী অভিযান চালানো হয়। এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ও মাদক ব্যবসায়ী আটক হওয়ায় এলাকায় শোরগোল পড়ে গেছে।
নাইক্ষ্যংছড়ি থানা মাদক বিরোধী অভিযান চালিয়ে আশারতলী, চাকঢালা, জামছড়ি, ফুলতলী এলাকায় আরও অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।