নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট হোটেল ব্যবসায়ী জিল্লুর রহমান মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্থানীয় হোটেল কলমিলতা'র মালিকও ছিলেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি (শনিবার) রাত সাড়ে ৮টার দিকে জিল্লুর রহমান মোটরসাইকেল যোগে সাপাহার বাজার থেকে তার গ্রামের বাড়ী তাজপুর যাচ্ছিলেন। সাপাহার স’মিল এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
মরহুম জিল্লুর রহমানের জানাজা নামাজ রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তাজপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে, মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, জিল্লুর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তবে, বিগত আওয়ামী সরকারের আমলে বিএনপির রাজনীতি করার কারণে তার নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়। তার মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।