প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৭:১৩ পিএম (ভিজিট : ৭৫)

X
ভঙ্গুর রাষ্ট্র মেরামতে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, দেশ আজ নির্বাচনমুখী। ভোটাধিকার বঞ্চিত মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। বিগত পনের বছর ফ্যাসিবাদের লাগামহীন লুটপাটে দেশ ভুঙ্গুর রাষ্ট্রে পরিনত হয়েছে। এই ভঙ্গুর রাষ্ট্র মেরামতে ধানের শীষ প্রতিকে ভোট দিন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া বাজারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দাপুনিয়া এবং ঘাগড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে ওয়াহাব আকন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বিশ্বের ইতিহাসের এক অন্যতম মহীয়সী নারী। তাঁর মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে এক আপোষহীন নেতৃত্ব। তিনি সারাটা জীবন দেশ, গণতন্ত্র এবং জনগণের কল্যাণে কাজ করে গেছেন। আপনারা সবাই এই মহীয়সী নারীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশের সর্বোচ্চ মাকাম দান করেন।
দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো: রোকনুজ্জামান সরকার, কোতোয়ালি বিএনপির সভাপতি হেলাল আহম্মেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি খন্দকার মাসুদ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় দোয়া মাহফিল করেছেন জেলা শ্রমিক দল। এ সময় সংগঠনের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মফিদুল ইসলাম মোহনের সঞ্চালনায় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এছাড়াও নগরীর জুবলীঘাট এলাকায় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থণার আয়োজন করে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। এ সময় খালেদা জিয়ার জন্য দোয়া কামনার পাশাপাশি সবধর্ম ও শ্রেণিপেশার মানুষের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন ওয়াহাব আকন্দ।
এতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন।