খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালকের কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. গোলাম হায়দার।
বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি পাবলিক হেলথের উপ-পরিচালক ডা. এ বি এম জাকির হোসেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. স্বপন কুমার রায় এবং আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মোট পাঁচটি ক্যাটাগরিতে ১৫ জনকে পুরস্কার প্রদান করা হয়। ক্যাটাগরিগুলো হলো— গবাদিপশু (গরু) ৩টি, গবাদিপশু (দুম্বা, ভেড়া ও ছাগল) ৩টি, পোষা প্রাণী ৩টি, প্রাণিজাত পণ্য ৩টি এবং প্রাণিসম্পদ প্রযুক্তি ৩টি।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় সপ্তাহব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।