প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:৪৫ পিএম (ভিজিট : ৪০)

X
জাপান সরকারের হাইড্রোগ্রাফি ও ওশানোগ্রাফির বিশেষজ্ঞ দল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ৫ দিনের সরকারি সফরের অংশ হিসেবে তারা বন্দরের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করছেন।
বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর জাপানি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বন্দর চেয়ারম্যান প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও জাপানের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান চ্যানেলের নাব্যতা রক্ষা, হাইড্রোগ্রাফি সংক্রান্ত কার্যক্রম, চ্যানেলের উন্নয়ন ও সম্প্রসারণে প্রতিনিধি দলের সহযোগিতা কামনা করেন। তিনি চ্যানেলের বর্তমান অবস্থা, সাম্প্রতিক হ্যান্ডলিং রেকর্ড, জাহাজের টার্ন-এরাউন্ড টাইম হ্রাস, পরিচালনাগত সক্ষমতা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ডিজিটাইজেশন এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতি বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করেন। প্রতিনিধি দল বন্দরের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
পরবর্তীতে, অতিথিদের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার ওপর একটি প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষ জাপানি বিশেষজ্ঞ দলের সহযোগিতায় চ্যানেল সম্প্রসারণ, নাব্যতা রক্ষা ও আধুনিকায়নের মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নত ও দক্ষ বন্দর হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরিকল্পনা করছে।