প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম (ভিজিট : ১১৭)

X
আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি ৯ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- ২০২৬। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এটি চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই আয়োজনে এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। দশটি শাখায় বাংলাদেশসহ ৯১টি দেশের বিভিন্ন স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য ২৪৫টি সিনেমা দেখানো হবে ৯ দিনের এই উৎসবে। এছাড়া প্রথমবারের মতো এবার ঢাকার বাইরে কক্সবাজারকে উৎসবের ভেন্যু করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আয়োজকরা।
এসময় উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, 'কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে বড় পর্দা ও বসার ব্যবস্থা করে সিনেমা দেখানো হবে।লাবনী পয়েন্টের ভেন্যুতে সিনেমা দেখানো হবে ১৫ জানুয়ারি। সকাল ১১টা থেকে বাংলাদেশের নির্মাতাদের স্বল্পদৈর্ঘের একগুচ্ছ সিনেমা দেখা যাবে সেখানে। বেলা ১টা থেকে রয়েছে পূর্ণদৈর্ঘের সিনেমা। বেলা ১টায় দেখানো হবে আর্জেন্টিনার ছবি ‘ফর ইয়োর সেক’, বেলা ৩টায় দেখানো হবে ইতালি-লাওস-স্পেনের যৌথ নির্মাণে ‘দ্য গার্ডিয়ান অব স্টোরিজ’। ওই দিন বিকেল ৫টায় থাকবে আজারবাইজানের সিনেমা ‘আ লোনলি পারসনস মনোলগ’। এ ছাড়াও রয়েছে জার্মানির একটি স্বল্পদৈর্ঘের ছবি ‘মাই গ্র্যান্ডমাদার ইজ আ স্কাইডাইভার।'
এ প্রসঙ্গে পর্যটন করপোরেশনের প্রধান নির্বাহী নুজহাত ইয়াসমিন বলেন, ‘আমি এফডিসির এমডির দায়িত্বে থাকাকালে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম। সেখানে সমুদ্র সৈকতে সিনেমা দেখানোর আয়োজন আমার ভালো লেগেছে। যেহেতু আমাদের দেশেও প্রচুর পর্যটক আসেন, তাহলে আমাদের আন্তর্জাতিক উৎসবেও এই ব্যবস্থা করা যেতে পারে। সেই পরিকল্পনা থেকে আমরা উৎসব কর্তৃপক্ষকে এই ব্যবস্থা করে দিচ্ছি।’
সমাপনী অনুষ্ঠান হবে ১৮ জানুয়ারি। পুরস্কার বিতরণী ও উৎসবের সেরা সিনেমা প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে ৯ দিনব্যাপী এই উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত উৎসবে সিনেমাগুলো প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে।