প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম (ভিজিট : ১০২)

X
শিল্প ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, এবারের নির্বাচনের সময় লেভেলপ্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। এটি কার্যকর থাকবে। সব মিলিয়ে এবারের নির্বাচন হবে উৎসবমুখর।
আজ শনিবার (১০ জানুয়ারি) তিনি সিলেট দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
আদিলুর রহমান বলেন, ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। ভোটাররা পরিবার ও পরিজনসহ আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। এই নির্বাচন বাংলাদেশের আগামী শত বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারণ করবে।
তিনি বলেন, রক্ত দিয়ে পাওয়া জুলাই সনদের পক্ষে জনগণের মতামত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে নির্বাচন উৎসবমুখর এবং সুষ্ঠু হবে।
উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট আসাটা জরুরি।
এর আগে সিলেটের বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সমস্যা পর্যবেক্ষণ করেন আদিলুর রহমান।
এ সময় তিনি বলেন, যারা বাস টার্মিনাল মেইনটেইন করতে পারবে তাদেরই আগামীতে বাস টার্মিনাল ইজারা দেওয়া হবে।