প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:১২ এএম (ভিজিট : ১৮৬)

X
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। শহরের একটি হোটেলে আয়োজিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০জন সাংবাদিক অংশ নেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে প্রশিক্ষণের উদ্বোধন হয় এবং শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।
প্রশিক্ষণের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বশীল ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতা নিশ্চিত করা সময়ের দাবি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যমকে যেভাবে অপব্যবহার করা হয়েছে, আগামী নির্বাচনে সেই অপশক্তি যেন আর মাথাচাড়া দিতে না পারে, সে বিষয়ে সাংবাদিকদের সজাগ থাকতে হবে।
প্রশিক্ষণে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলি, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনী আইন, গণমাধ্যমের ভূমিকা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং নির্বাচনকালীন শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। ভুয়া তথ্য, গুজব ও অপপ্রচার মোকাবিলার কৌশল নিয়েও আলোকপাত করেন প্রশিক্ষকরা।
অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন এবং সমাপনি দিন শনিবার বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মেজবাউল করিম।
এছাড়া নির্বাচন ও গণমাধ্যম বিষয়ক বিভিন্ন সেশনে বক্তব্য দেন সাংবাদিক ও মতামত লেখক খাজা মাঈন উদ্দিনসহ আমন্ত্রিত বিশেষজ্ঞরা।
বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল রিপোর্টিংয়ের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব।