প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:৪১ এএম (ভিজিট : ২৩১)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাকেরগঞ্জ উপজেলার অত্যন্ত দুর্গম ও দূরবর্তী এলাকা হিসেবে পরিচিত ফরিদপুর ও দুর্গাপাশা ইউনিয়নে বিশেষ প্রচারণা ও ভোট কেন্দ্র পরিদর্শন সম্পন্ন করেছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ও গণভোট সম্পর্কে সচেতনতামূলক প্রচার প্রচারণা শুরু করেন এবং সাধারণ মানুষ কে গণভোট সম্পর্কে সচেতন করতে বিরামহীন ছুটে চলছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজ।
শনিবার (১০ জানুয়ারি) দিনভর ওই দুই ইউনিয়নের প্রতিটি সম্ভাব্য ভোট কেন্দ্র সরজমিনে পরিদর্শন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা নির্বাচন কমিশন অফিসার, বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত অবস্থা এবং ভোটারদের যাতায়াতসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি,কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি স্থানীয় জনসাধারণের মাঝে গণভোট নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। বিশেষ করে দূরবর্তী এই ইউনিয়নগুলোতে যেন নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, জনগণের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনকে স্বচ্ছ ও উৎসবমুখর করতে প্রশাসনের পক্ষ থেকে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হবে।