প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১:৫৫ পিএম আপডেট: ১১.০১.২০২৬ ২:০৩ পিএম (ভিজিট : ৫৮)

X
মেলবোর্ন – দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় অনিয়ন্ত্রিত দাবানলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভিক্টোরিয়া রাজ্যের দগ্ধ এলাকা থেকে ইতিমধ্যে মানুষের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১১ জানুয়ারি) ভিক্টোরিয়া পুলিশ নিশ্চিত করেছে যে, মেলবোর্ন থেকে ১১০ কিলোমিটার উত্তরে লংউড এলাকায় একটি পোড়া গাড়ির কাছ থেকে এই দেহাবশেষ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তীব্র দাবদাহে গত সপ্তাহের মাঝামাঝি থেকে ভিক্টোরিয়ার প্রায় ৩ লাখ ৫০ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। আগুনে তিন শতাধিক স্থাপনা ও অসংখ্য বসতবাড়ি ধ্বংস হয়েছে। কর্তৃপক্ষ এই পরিস্থিতিকে ২০১৯-২০ সালের ঐতিহাসিক "ব্ল্যাক সামার" পরবর্তী ভয়াবহতম সংকট হিসেবে বর্ণনা করছে।
ভিক্টোরিয়ার প্রিমিয়ার জ্যাকিন্টা অ্যালান জানিয়েছেন, বর্তমানে রাজ্যে ৩০টিরও বেশি স্থানে আগুন জ্বলছে। প্রতিবেশী নিউ সাউথ ওয়েলস সীমান্তেও দাবানল সর্বোচ্চ বিপদসীমায় পৌঁছেছে।
ফরেস্ট ফায়ার ম্যানেজমেন্ট ভিক্টোরিয়ার প্রধান ক্রিস হার্ডম্যান সতর্ক করে বলেছেন, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন। পরিস্থিতি স্বাভাবিক করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। বর্তমানে ৭০টির বেশি বিমান ও কয়েক হাজার দমকলকর্মী আগুন নেভাতে কাজ করছেন। আগুনের ধোঁয়ায় মেলবোর্নসহ বিস্তীর্ণ এলাকার বায়ুর মান মারাত্মকভাবে কমে গেছে।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ক্ষতিগ্রস্ত বাসিন্দা ও কৃষকদের জন্য জরুরি ফেডারেল তহবিল ঘোষণা করেছেন। তিনি জানান, কয়েক হাজার গবাদি পশু এই দুর্যোগে প্রাণ হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। খামারিদের সহায়তায় সরকার জরুরি খাদ্য সরবরাহ নিশ্চিত করবে।