প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:১৫ পিএম (ভিজিট : ৩৫)

X
পঞ্চগড়ের বোদা পৌরসভার মোকছেদা ছমির এতিমখানা শিশু সদন নুরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে এ বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান অতিথি প্রফেসর মিজানুর রহমান মিজান শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে জ্ঞান অর্জনে বইয়ের গুরুত্ব ও নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আজিজার রহমান, সেক্রেটারি মনসুর আলী, সহ-সেক্রেটারি আবু নাসের মোঃ শহিদুল্লাহ্ রাসেল, শিক্ষক আরিফুজ্জামান মুকুল এবং নূরানী শাখার প্রধান ফজলুর রহমান প্রমুখ।
প্রফেসর মিজানুর রহমান মিজান বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। বই হলো জ্ঞানের ভাণ্ডার। এই বইগুলো তোমাদের মেধা ও মননকে বিকশিত করবে, জীবন গড়ার পথ দেখাবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজের জন্য উদাহরণস্বরূপ নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তোমাদের প্রতি আমার বিশেষ আকুলতা রয়েছে, তোমাদের সাফল্যই আমাদের অর্জন।