
X
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি যথাক্রমে এ, বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার ইউনিটে মোট আবেদন পড়েছে প্রায় ৯৪ হাজার, যেখানে আসন সংখ্যা মাত্র ১ হাজার ৭৯৫টি। ফলে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৫২ জন ভর্তিচ্ছু।
২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি অনুষদে ভর্তি নেওয়া হবে এই ইউনিটের মাধ্যমে। তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে— সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা, ১১টা ৩০ মিনিট থেকে ১টা এবং দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত। মোট আবেদনকারী সংখ্যা ৩০ হাজার ২৭৫ জন। আসন সংখ্যা কৃষি অনার্সে ৩৭৫, মৎস্যবিজ্ঞান অনার্সে ৮০ এবং ভেটেরিনারি ও প্রাণিসম্পদ বিজ্ঞান (ডিভিএম) এ ৮০।
২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। প্রকৌশল, স্থাপত্য ও বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে এই ইউনিটে। তিন শিফটে পরীক্ষা হবে সকাল থেকে বিকেল পর্যন্ত। আবেদনকারী সংখ্যা ২৬ হাজার ৫৬২ জন। স্থাপত্য বিভাগের জন্য আলাদা ড্রয়িং পরীক্ষা হবে বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত, যেখানে অংশ নেবেন ১ হাজার ২৫০ জন। এই ইউনিটে আসন সংখ্যা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, খাদ্য ও প্রক্রিয়াজাত প্রকৌশল ও কৃষি প্রকৌশলে প্রত্যেকটিতে ৬০টি করে। সিভিল ও যান্ত্রিক প্রকৌশলে ৫০টি করে, স্থাপত্যে ৩০টি এবং বিজ্ঞান অনুষদের রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যানে যথাক্রমে ৭৫, ৭৫, ৮০ ও ৮০টি আসন রয়েছে।
২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা। ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের শিক্ষার্থীরা এই ইউনিটে অংশ নেবেন। সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা হবে। আবেদনকারী সংখ্যা ব্যবসায় শিক্ষা গ্রুপে ৩ হাজার ১১৬ জন এবং বিজ্ঞান ও মানবিক গ্রুপে ১৭ হাজার ৫৩৩ জন। আসন সংখ্যা হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ফিন্যান্স, ব্যবস্থাপনা, মার্কেটিং, ইংরেজি ও অর্থনীতিতে প্রত্যেকটিতে ৭০টি করে। সমাজবিজ্ঞানে ৬০ এবং উন্নয়ন অধ্যয়নে ৪০টি আসন রয়েছে।
একই দিনে অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা এই ইউনিটে অংশ নেবেন। তিন শিফটে পরীক্ষা হবে— সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১টা, দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট এবং বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত। আবেদনকারী সংখ্যা ২৬ হাজার ৯৭ জন।
সব মিলিয়ে এবার হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় স্থাপত্য বাদে মোট আবেদন পড়েছে ৯৩ হাজার ১২৫টি। স্থাপত্যসহ মোট আবেদন সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৩৭৫টি। বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৭৯৫ হওয়ায় প্রতিযোগিতা হবে অত্যন্ত কঠিন।