প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৯ পিএম আপডেট: ১৪.০১.২০২৬ ১:৪৮ পিএম (ভিজিট : ১২২)

X
পুরান ঢাকার ওয়ারীতে জাল টাকা উদ্ধারের একটি অভিযানকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার তেজগাঁও বিভাগে গুরুতর দ্বন্দ্ব তৈরি হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া টাকার হিসাব, অবৈধ নির্দেশ মানতে অস্বীকৃতি এবং অভিযানের সোর্সকে অপহরণ করে হোটেলে আটকে রাখার অভিযোগে বিষয়টি এখন পুলিশ সদর দপ্তরের তদন্তাধীন।
ডিবি সূত্র ও অভিযোগপত্র অনুযায়ী, গত ৮ নভেম্বর এক সোর্সের তথ্যের ভিত্তিতে তেজগাঁও ডিবির একটি দল ওয়ারীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৬ লাখ টাকার জাল মুদ্রা ও ১৯ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করে এবং দুজনকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার তারেক সেকান্দার। অভিযোগ রয়েছে, তেজগাঁও বিভাগের তৎকালীন ভারপ্রাপ্ত ডিসি মোহাম্মদ রাকিব খান অভিযান বন্ধ ও উদ্ধার করা টাকার একটি অংশ জব্দ তালিকায় না দেখানোর নির্দেশ দেন। সেই নির্দেশ অমান্য করে মামলা দেওয়ায় দ্বন্দ্বের সূত্রপাত হয়।
এ ঘটনার জেরে অভিযানের সোর্স দিদারুল ইসলাম দিদারকে কক্সবাজারের উখিয়া থেকে তুলে এনে রাজধানীর গিভেন্সি হোটেলের একটি কক্ষে তিন দিন আটকে রাখার অভিযোগ ওঠে। পরে ৯৯৯-এর সহায়তায় তাকে উদ্ধার করা হলেও পুনরায় ডিবি হেফাজতে নেওয়া হয়। পরিবারের অভিযোগ, নির্যাতনের মাধ্যমে জিডি ও অভিযোগ প্রত্যাহারে চাপ দেওয়া হয়।
অন্যদিকে ডিসি রাকিব খানের দাবি, তিনি কোনো অবৈধ নির্দেশ দেননি। বরং অভিযানের নামে টাকা আত্মসাতের অভিযোগ এনে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। এ ঘটনায় ডিবির পক্ষ থেকে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘটনাটি ডিএমপির ভেতরে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।