
কুমিল্লার বাঙ্গরা বাজার উপজেলা সমিতি ঢাকার কার্যনির্বাহী পরিষদের সদস্যরা
নবগঠিত কুমিল্লার বাঙ্গরা বাজার উপজেলা সমিতি ঢাকার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন হলরুম ৫০২ এ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সমিতির এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। মোট ২৯৯ জন ভোটারের মধ্যে ২৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফলে নির্বাচনে প্রায় ৮৫ শতাংশ ভোট পড়েছে। ঢাকায় বসবাসরত বাঙ্গরা বাজার থানার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, প্রশাসনে কর্মরত কর্মকর্তা কর্মচারী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করেন।
প্রধান নির্বাচন কমিশনার মো. আবু বকর ছিদ্দিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে সর্বাধিক ২৪৯ ভোট পেয়ে মো. আবদুল মোমেন নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. দুলাল মিয়া পেয়েছেন মাত্র ৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. মোকছেদুর রহমান আবির ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম আই জামাল সিদ্দিকী পেয়েছেন ২৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলুল বারী বিল্লাল ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সাইফুল হুদা সরকার সোহাগ পেয়েছেন ৩৬ ভোট।
তবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন ভোটার অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন অভিযোগ তুলে সভাপতি পদে প্রার্থী মো. দুলাল মিয়া এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী এম আই জামাল সিদ্দিকী ভোটগ্রহণের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপরও তাদের নাম ব্যালটে থাকায় তারা ভোটের ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে উল্লেখিত হয়েছেন।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী মো. সাইফুল হুদা সরকার সোহাগ নির্বাচনে থাকলেও তার চাচাতো ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় ভোটের দিন তিনি ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন না।
তিনি আরও জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নজির আহমদ ভুঁইয়া কাজল, এ এইচ এম জহিরুল হক, জহিরুল ইসলাম এবং কামরুল হাসান কেনান।
ঢাকায় বসবাসরত নতুন উপজেলা বাঙ্গরা বাজার অন্তর্গত ১০টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে ২০১৮ সালে বাঙ্গরা বাজার থানা সমিতি প্রতিষ্ঠা করা হয়।