প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম (ভিজিট : ৯২)

X
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৫৩ জন শিক্ষার্থীকে ২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচি’র আওতায় ফেলোশিপ প্রদান করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
ফেলোশিপপ্রাপ্তদের মধ্যে মাস্টার্স পর্যায়ে রয়েছেন ১৫২ জন এবং অণুজীববিজ্ঞানে পিএইচডির জন্য নির্বাচিত হয়েছেন ১ জন শিক্ষার্থী। খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১২৪ জন, ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ২০ জন এবং জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
সব মিলিয়ে কৃষি অনুষদের শিক্ষার্থীই সর্বাধিক—৮৬ জন। এছাড়া ভেটেরিনারি অনুষদ থেকে ৩২ জন, ফিশারিজ অনুষদ থেকে ৭ জন, ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে ৭ জন, গণিত বিভাগ থেকে ৯ জন, পরিসংখ্যান বিভাগ থেকে ৪ জন, রসায়ন বিভাগ থেকে ৪ জন, পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ২ জন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী ফেলোশিপ পেয়েছেন।
গবেষণায় ব্যয় নির্বাহের জন্য মাস্টার্স পর্যায়ের প্রতিজন শিক্ষার্থী ৫৪ হাজার টাকা এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ৩ লক্ষ টাকা করে বরাদ্দ পাবেন।
১৯৭৭-৭৮ অর্থবছর থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে ভৌতবিজ্ঞান, জীব ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে শিক্ষার্থী ও গবেষকদের ফেলোশিপ প্রদান করে আসছে। নির্ধারিত কমিটির যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে এমএস, এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল শিক্ষার্থীদের এ ফেলোশিপ দেওয়া হয়।