প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৫০ এএম আপডেট: ১৫.০১.২০২৬ ১১:৫৯ এএম (ভিজিট : ৮২)

X
ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা-১৩ ও ঢাকা-১৫ রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেন।
এ সংক্রান্ত দেওয়া চিঠিতে বলা হয়েছে, মো. মামুনুল হক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা ১৮৬ ঢাকা-১৩, আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আপনি গত ১৩ জানুয়ারি তারিখ বিকাল ৫টার সময় অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিন ১২ ফেব্রুয়ারির ৩ সপ্তাহ সময়ের পূর্বেই নির্বাচনি প্রচার-প্রচারণা করেছেন যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ ও ১৮ এর লঙ্ঘন।
এতে আরও বলা হয়, উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে আপনি নিজে বা একজন প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের জন্য অনুরোধ করা হলো।
তফসিলের অনুযায়ী, আগামী ১৮জানুয়ারি পর্যন্ত শুনানি নেবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।