প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম (ভিজিট : ৪৪)

X
গাজীপুরের কালীগঞ্জে মর্নিং ওয়াক করতে বের হয়ে ট্রেনের ধাক্কায় এক শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে টঙ্গী–ভৈরব রেলপথের গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫)। তিনি পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
তাঁর বাড়ি কালীগঞ্জের নাগরী এলাকায়। তিনি ওই এলাকার মৃত আমরুস রোজারিওর ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মোঃ জাকির হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে মর্নিং ওয়াকের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শিক্ষক কমল খ্রীষ্টফার রোজারিও। হাঁটতে হাঁটতে তিনি নলছাটা এলাকায় রেললাইন ধরে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ অজ্ঞাত একটি ট্রেন চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরি দেবাশীষ শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।