প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম (ভিজিট : ১৬০)

X
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পাঁচ বছর পর আবারও অনুষ্ঠিত হলো ইভিনিং এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। শুক্রবার সকালে কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৯২ জন। এর মধ্যে ৮৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৯৬ শতাংশ, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অত্যন্ত সন্তোষজনক বলে বিবেচিত হয়েছে। মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৯০টি।
পরীক্ষা চলাকালীন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর কবির, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মামুনার রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসানসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
পরিদর্শন শেষে প্রো-ভিসি বলেন, “পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিতি প্রায় ৯৫ শতাংশ। আশা করি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের ইএমবিএ প্রোগ্রাম আরও সুনাম অর্জন করবে।”
ভর্তি পরীক্ষার ফলাফল আজকেই প্রকাশ করবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এমবিএ (ইভিনিং) প্রোগ্রামটি ২২ মাসব্যাপী, যা পাঁচটি ট্রাইমেস্টারে বিভক্ত। পুরো কোর্সে মোট ৬৬ ক্রেডিট সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের। প্রতি সেমিস্টারে ২২,১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ক্লাস অনুষ্ঠিত হবে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সন্ধ্যায়। সর্বশেষ ২০২০ সালে ইএমবিএ ১৩তম ব্যাচ ভর্তি করানো হয়।