প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:২৩ পিএম (ভিজিট : ৮৪)

X
১৭ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক ২০২৫-২০২৬ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের বরণে ক্যাম্পাসের অভ্যন্তরে সাজ সাজ রব।
চুয়েট কর্তৃপক্ষ ও বিভিন্ন হলে থাকা শিক্ষার্থীরা আজ বিভিন্ন জেলা থেকে আসা পরীক্ষার্থীসহ সাথে আসা অভিভাবকদের সেবা দিতে নানা পদক্ষেপ নিয়েছেন। শিক্ষার্থীরা স্ব স্ব জেলা থেকে আসা পরীক্ষার্থী সহ সাথে আসা অভিভাবকদের সেবায় স্টাল সাজিয়ে রেখেছেন। পুলিশ প্রশাসনের পক্ষে সড়ক পথে নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এবার চুয়েটে “ক” গ্রুপে মোট ১৩ হাজার ৯২ জন এবং “খ” গ্রুপে ৮৫০ জন সহ সর্বমোট ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে ১১ হাজার ৮৪ জন ছাত্র ও দুই হাজার ৮৫৮ জন ছাত্রী। “ক” গ্রুপের পরীক্ষা আরম্ভ হবে সকাল দশটায়। “খ’’ গ্রুপের জন্য অংকন পরীক্ষা শুরু হবে বেলা পৌনে একটায়। “খ” গ্রুপের পরীক্ষা শুধুমাত্র চুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া চুয়েট কেন্দ্রে আট হাজার পাচঁশত পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বাকি পরীক্ষার্থীদের মধ্যে দুটি উপ-কেন্দ্র সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে এক হাজার ৩৬৫ জন ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে চার হাজার ৭৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এবার ভর্তি পরীক্ষায় ভর্তি যোগ্য মোট আসন সংখ্যা রয়েছে ৯৩১ (সাধারণ আসন ৯২০ ও উপজাতীদের জন্য সংরক্ষিত ১১ জন।