প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম (ভিজিট : ৬৮)

X
প্রতীক বরাদ্দের বাকি এখনও ৫ দিন থাকলেও নির্বাচনী প্রচারণা তুমুল গতিতে চলছে। খুলনা-১ আসনের মোট ১০ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীরা বিশেষ নজর কাড়ছেন।
১৫ জানুয়ারি রাত ১০টায় বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান ও জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী দাকোপের পোদ্দারগঞ্জ ফেরিঘাটে উপস্থিত হয়ে প্রায় দুই ঘন্টা ঘাটে অবস্থান করেন। এই সময় তারা হাসিঠাট্টার ছলে একে অপরের প্রতি নানা রাজনৈতিক খোঁচা দেন এবং আসন্ন নির্বাচনের হলফনামা নিয়ে আলোচনা করেন।
খুলনা-১ আসন স্বাধীনতার পর থেকে প্রধানত আওয়ামী লীগের দখলে ছিল। তবে ৫ আগস্ট শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান ও কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না। ফলে নির্বাচনী মানচিত্র এ আসনে ভিন্ন রকমের হচ্ছে।
জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী হিন্দু অধ্যুষিত এলাকায় মনোনয়ন পাওয়ায় দেশব্যাপী আলোচনা সৃষ্টি করেছেন। নির্বাচনী প্রচারণায় তিনি বারবার জোর দিয়ে বলেন, “জামায়াত এখন সকল সম্প্রদায়ের দল।” বিএনপি প্রার্থী আমির এজাজ খানও আশাবাদী নির্বাচিত হবার বিষয়ে।
ঐতিহাসিক ভোটের পরিসংখ্যানে দেখা যায়:
১৯৯৬: আওয়ামী লীগ প্রার্থী শেখ হারুনুর রশীদ – ৬২,২০৭ ভোট; জামায়াত প্রার্থী – ২,৩০৯ ভোট
২০০১: বিএনপি প্রার্থী আমির এজাজ খান – ৪৭,৫২৩ ভোট; আওয়ামী লীগ – ৭৮,৫৫২ ভোট
২০০৮: বিএনপি – ৬৮,৪২০ ভোট; আওয়ামী লীগ – ১,২০,৮০১ ভোট
২০১৮: বিএনপি – ২৮,৩২২ ভোট; আওয়ামী লীগ – ১,৭২,১৫২ ভোট
এবারের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি ও বিএনপি-জামায়াত প্রার্থীদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনী এলাকায় নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।