প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম (ভিজিট : ১৪৭)

X
চট্টগ্রামের চন্দনাইশে জুলাইযোদ্ধার উপর হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট চত্বরে ব্লকেড কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এসময় হামলার অভিযোগে চট্টগ্রাম ১৪ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমেদ এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও মনোনয়ন বাতিলের দাবি জানান তারা।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মহাসড়কে ব্লকেড কর্মসূচি ছিল। এসময় চন্দনাইশ থানার ওসি ইলিয়াছ খাঁন, সেনাবাহিনী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মসূচি সমাপ্ত করার চেষ্টা করেন।
শুক্রবার রাতে চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে গেজেটপ্রাপ্ত হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগী মাঈনুদ্দিনের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল জসিমউদ্দিন আহমদের নির্দেশে লাঠি ও চাকু নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ তাদের।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ হাসান আলী জানান, হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করা হচ্ছে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষনা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তারা।
দীর্ঘক্ষণ ব্লকেড কর্মসূচির ফলে সড়কে দীর্ঘ যানজট ও যাত্রীদের ভোগান্তির কথা উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেনের অনুরোধে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি সমাপ্ত করেন। এসময় আনোয়ারা সার্কেলের এএসপি সোহানুর রহমান সোহাগসহ সেনাবাহিনীও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন জানান, পুলিশ তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।