প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:০৪ পিএম (ভিজিট : ১৪৭)

X
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে প্রাথমিক প্রস্তুতি। আগামী ২৫ জানুয়ারি তার সফরকে সফল করতে ইতোমধ্যে মাঠ ঘিরে নানা কর্মযজ্ঞ শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা।
প্রাথমিক পর্যায়ে মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকা মাঠের বিভিন্ন অংশ সমান করা, আবর্জনা অপসারণ এবং অবকাঠামোগত ত্রুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সভামঞ্চ নির্মাণের স্থান নির্ধারণসহ প্রয়োজনীয় নকশা প্রণয়নের কাজও চলছে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রাথমিকভাবে মাঠের ধারণক্ষমতা, প্রবেশপথ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। বিশাল জনসমাগমের বিষয়টি মাথায় রেখে কোথায় মঞ্চ হবে, কোথায় নেতাকর্মীরা অবস্থান করবেন এ বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
১৮ নভেম্বর রবিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে আলপকালে বলেন, দীর্ঘ প্রায় ২১ বছর পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন। ২৫ নভেম্বর সকাল ১১টার দিকে তিনে এই সমাবেশে অংশ গ্রহন করবেন। সমাবেশের আয়োজনকে সফল করতে মাঠ প্রস্তুতির কাজ শুরু হয়েছে। সবকিছু যেন সুশৃঙ্খলভাবে হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দল গঠন, শৃঙ্খলা কমিটি এবং ব্যবস্থাপনা টিম তৈরির কাজও এগিয়ে চলছে। মাঠে বিদ্যুৎ সংযোগ, সাউন্ড সিস্টেম স্থাপন এবং দর্শনার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং শুরু থেকেই মাঠ প্রস্তুতির কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।