রেশন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, জেলে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা: নিগার সুলতানা।
বক্তারা বলেন, রেশন কার্যক্রম ও গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ কার্যক্রম দমনে বিশেষ কম্বিং অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য বলে তারা উল্লেখ করেন।
বিশেষ করে মৎস্যজীবী ও জেলেদের উদ্দেশ্যে নদী ও জলাশয়ে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো সন্দেহজনক কার্যক্রম নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়।
হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জয়নাল খালাসী, টঙ্গীবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপন সরদার, ইউপি সদস্য বাবু হাওলাদার, সিদ্দিক বেপারি, কায়ুম শেখসহ জেলে, আড়তদার, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।