মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আটঘরিয়া উপজেলা মহিলা দলের উদ্যোগে এক বিশাল মহিলা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) আটঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি মর্জিনা খাতুন।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নারী নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন। এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পাশে থাকার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা দল বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ের অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
হাবিবুর রহমান হাবিব দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের মর্যাদা ও অধিকার আরও সুসংহত হবে। তিনি বলেন, অতীতে ষড়যন্ত্রমূলকভাবে বেগম খালেদা জিয়াকে নিপীড়নের শিকার করা হয়েছে।
সমাবেশে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, পৌর বিএনপির সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন্নেসাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।