প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম (ভিজিট : ২৯২)

X
মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেলে তিনি ইন্তেকাল করেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জামায়াতের এমপিপ্রার্থী মুফতি আমির হামজা।
ফেসবুক পোস্টে তিনি বলেন, আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি। আমাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ বাদ আসর বিক্ষোভ মিছিলে বক্তব্য চলাকালীন সময় আমার অভিভাবক কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম স্ট্রোক করে দুনিয়ার সফর শেষ করেছেন।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেয়া হচ্ছিল। এর প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে এক তারার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেয়ার সময় স্ট্রোক করে মৃত্যুবরণ করেন জেলা আমির অধ্যাপক আবুল হাশেম।