প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৪:০০ পিএম (ভিজিট : ২৭০)

X
ধামইরহাটে দুর্বৃত্তদের আঘাতে উম্মে হাবিবা (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গত সন্ধ্যা সাড়ে ৭টা বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে তিনি মারা যায়।
নিহত শিক্ষার্থী উপজেলার দক্ষিণ জাহানপুর এলাকার মো. হাসান আলীর মেয়ে। তিনি মঙ্গলবাড়ি ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি রাতে পরিবারের সবার সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন উম্মে হাবিবা। গভীর রাতে বাড়ির সামনেই একটি টিউবওয়েল খোলার চেষ্টা করছিল একদল দুর্বৃত্ত। এ সময় শব্দ পেয়ে উম্মে হাবিবা চোর চোর বলে চিৎকার দিলে দুর্বৃত্তরা খোলা টিউবওলের হাতল দিয়ে উম্মে হাবিবার মাথায় আঘাত করে পালিয়ে যান।
গুরুতর জখম অবস্থায় উম্মে হাবিবাকে স্বজনরা উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে চিকিৎসাধীন থেকে হাবিবার মৃত্যু হয়।
ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদা জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার কার্যক্রম চালাচ্ছে।
মঙ্গলবার দুপুরে হত্যাকারীর গ্রেফতারের দাবিতে সহপাঠীরা ধামুইরহাট জাহানপুর গ্রামে মানববন্ধন করেন। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।