প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:০৬ পিএম (ভিজিট : ৭০)

X
অবশেষে দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীনিবাস কাঠি গ্রামের একটি গুরুত্বপূর্ণ সেতুর নাজুক অবস্থার অবসান ঘটতে চলেছে। সেতুটির বেহাল দশার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হলেও সম্প্রতি উপজেলা প্রশাসনের কার্যকর উদ্যোগে এর সংস্কারকাজ শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটির নাজুক অবস্থা উপজেলা প্রশাসনের নজরে আসার পর বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক কবিরের নির্দেশনায় একটি প্রশাসনিক টিম সরেজমিনে সেতুটি পরিদর্শন করে। পরিদর্শন শেষে সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থা বিবেচনায় দ্রুত সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর উপজেলা প্রকৌশলী বি.এম. মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে অতি দ্রুত সময়ের মধ্যেই সেতুটির সংস্কারকাজ শুরু করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের তদারকিতে চলমান এ কাজ শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে সেতুটির বেহাল অবস্থার কারণে স্কুল ও কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুল্যান্সসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত বলে জানান স্থানীয়রা।
সংস্কারকাজ শুরু হওয়ায় এলাকাজুড়ে স্বস্তির বাতাস বইছে। গ্রামবাসীরা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য মুকসুদপুর উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে সেতুটির বেহাল অবস্থার বিষয়টি তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যেই সেতুটির সংস্কারকাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি জনদুর্ভোগ স্থায়ীভাবে কমে আসবে।