প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:৪৫ এএম (ভিজিট : ৪৯)

X
ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশা কেটে যাওয়ায় বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার পর থেকে ফেরি চলাচল পুনরায় শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ২টার দিকে নদীতে ঘন কুয়াশা নেমে এলে নৌপথে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যায়। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা। এ সময় দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটেই বাস, ট্রাক, পণ্যবাহী যানসহ নানা ধরনের যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। অনেক যাত্রী রাতভর ঘাট এলাকায় অপেক্ষা করতে বাধ্য হন।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে এবং ১৩টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।