
X
গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে আজ ২১ জানুয়ারী (বুধবার) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১টা থেকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মোট ২৮ জন প্রার্থীর হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
প্রথম দফায় গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর ও কাশিয়ানীর আংশিক) সংসদীয় আসন-২১৫-এর ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। এ আসনে বিএনপির প্রার্থী মো. সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আবদুল হামীদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির সুলতান জামান খান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরদ বরন মজুমদার নিজ নিজ দলীয় প্রতীক গ্রহণ করেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুল ইসলাম ঘোড়া, আশ্রাফুল আলম ফুটবল এবং মো. কাইউম আলী খান কলস প্রতীক বরাদ্দ পান।
এরপর গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর আংশিক) সংসদীয় আসন-২১৬-এর ১২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বিতরণ করা হয়। দলীয় প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন বিএনপির কে. এম. বাবর, বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইবরাহীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম শিকদার, জাকের পার্টির মাহমুদ হাসান, গণঅধিকার পরিষদের দ্বীন ইসলাম, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্যা ও গণফোরামের শাহ মফিজ।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কামরুজ্জামান ভূঁইয়া টেলিফোন, এম. এইচ. খান মঞ্জু হরিণ, মো. সিরাজুল ইসলাম সিরাজ টেবিল ঘড়ি, রনী মোল্লা তালা এবং উৎপল বিশ্বাস ফুটবল প্রতীক গ্রহণ করেন।
সবশেষে গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) সংসদীয় আসন-২১৭-এর ৮ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ করা হয়। এ আসনে বিএনপির এস. এম. জিলানী, বাংলাদেশ খেলাফত মজলিসের আ. আজিজ, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, গণঅধিকার পরিষদের আবুল বসার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ এবং এনপিপির শেখ সালাউদ্দিন নিজ নিজ দলীয় প্রতীক পান।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ফুটবল এবং গোবিন্দ চন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীক বরাদ্দ পান।
প্রতীক বরাদ্দ শেষে সংশ্লিষ্টরা জানান, এর মাধ্যমে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে নির্বাচন ঘিরে প্রচারণা কার্যক্রম আরও জোরদার হবে।