প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:২৪ পিএম (ভিজিট : ৫৭)

X
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ইজারাকৃত জলমহাল নোয়াটিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় ১০০ মিটার অবৈধ জাল এবং মাছ ধরার খাঁচা উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২১ জানুয়ারি ২০২৫) পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযানকালে জলমহালে স্থাপিত ফিক্সড ইঞ্জিন, মাটিতে প্রোথিত জাল ও মাছ ধরার খাঁচা অপসারণ করে ধ্বংস করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ উপায়ে মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মি ভাবে পরিচালিত হবে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম বলেন, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ফিক্সড ইঞ্জিন বা মাটিতে প্রোথিত কিংবা অন্য কোনো উপায়ে স্থিরীকৃত জাল, ফাঁদ বা খাঁচা দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।
স্থানীয় সচেতন মহল অবৈধ জাল অপসারণে প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।